আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে। ভোগ্যপণ্যের ক্রমবর্ধমান দামে লাগাম টেনে ধরার চেষ্টা থেকে মার্কিন প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, যুক্তরাষ্ট্রে মূল সুদের হার শতকরা তিন-চতুর্থাংশ বাড়িয়ে দেড় শতাংশ থেকে ১.৭৫ শতাংশ পর্যন্ত করার কথা জানিয়েছে ফেডারেল রিজার্ভ।
বিবিসি বলছে, মে মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ার পর মার্চের পর এটি তৃতীয় বারের মতো সুদের হার বাড়ানো হলো। অপ্রত্যাশিত এ মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা রয়েছে।
এক বৈঠকের পর মার্কিন কর্মকর্তারা আশা করছেন—ফেডারেল ব্যাংকগুলো যে হারে ঋণ নেয়, তা বছরের শেষ নাগাদ ৩.৪ শতাংশে পৌঁছাতে পারে।
পরামর্শক সংস্থা ইওয়াই-পার্থেনন-এর প্রধান অর্থনীতিবিদ গ্রেগরি ড্যাকো বলেছেন, বেশিরভাগ অগ্রসর অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংক এবং কিছু উদীয়মান বাজারের কেন্দ্রীয় ব্যাংক সমন্বয়ের মাধ্যমে তাদের নীতি কঠোর করছে।
তিনি বলেন, এমন বৈশ্বিক পরিবেশে গত কয়েক দশকে অভ্যস্ত ছিলাম না আমরা। এটি ব্যবসায়িক খাতে এবং বিশ্বজুড়ে ভোক্তাদের ওপর প্রভাব ফেলবে।
এদিকে, যুক্তরাজ্যে গত এপ্রিলে ভোগ্যপণ্যের দাম ৯ শতাংশ বেড়েছে। ব্যাংক অব ইংল্যান্ড বৃহস্পতিবার (১৬ জুন) ডিসেম্বর থেকে তার পঞ্চম হার বৃদ্ধি ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
এর বাইরেও, ব্রাজিল, কানাডা ও অস্ট্রেলিয়াও সুদের হার বাড়িয়েছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এই গ্রীষ্মের পরে সুদের হার বৃদ্ধির পরিকল্পনার রূপরেখা আগেই দিয়ে রেখেছে।
সারাবাংলা/একেএম