স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: বাংলাদেশের সাংবাদিকতায় রিয়াজ উদ্দিন আহমেদ একজন প্রবাদ পুরুষ। বিভিন্ন সংকটে সংগ্রামে দেশের স্বার্থে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য তার আদর্শ অনুসরণীয়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই স্মরণসভাটি আয়োজন করে সম্পাদক পরিষদ ও নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এতে সভাপতিত্ব করেন নোয়াব সভাপতি এ. কে. আজাদ।
তিনি বলেন, রিয়াজ উদ্দিন আহমেদ ছিলেন সাংবাদিকতার সংকট সমাধানের সারথি। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিভাবককে হারিয়েছে। তিনি সব সময়ের জন্য সাংবাদিকদের কাছে অনুসরণীয় থাকবেন। বাংলাদেশ তাকে মনে রাখবে।
স্মরণসভায় বক্তব্য রাখেন নোয়াবের সহ-সভাপতি শহীদুল্লাহ খান বাদল, দ্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। স্মরণসভা সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বণিকবার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
প্রসঙ্গত, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন।
সারাবাংলা/টিএস/একেএম