কক্সবাজারে রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ার টেকসই সমাধানের পথ খুঁজতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উখিয়ার ইনানীতে সেনাবাহিনীর একটি হোটেল মিলনায়তনে স্টেকহোল্ডারদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করেছে রো*হিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্মেলনের দ্বিতীয় দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় জানায়, তিন দিনব্যাপী এ আয়োজনে চল্লিশটি দেশের দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যু নিয়ে ১৭০ দেশের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের প্রস্তুতি স্বরূপ কক্সবাজারের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।