শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

র‍্যাবের নিষেধাজ্ঞা তুলতে ভারতে তদবির সার্বভৌমত্বের পরিপন্থি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২২৩ সময় দেখুন
র‍্যাবের নিষেধাজ্ঞা তুলতে ভারতে তদবির সার্বভৌমত্বের পরিপন্থি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতৃবৃন্দ বলেছেন, র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের কাছে তদবির দেশের জাতীয় মর্যাদা, সম্মান ও সার্বভৌমত্বের পরিপন্থি। একইসঙ্গে, পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভূমিকা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদেরকে ডেকে আনার সামিল। এসব সরকারের বিদেশি তোষণ নীতিরই বহিঃপ্রকাশ।

বুধবার (২৭ এপ্রিল) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

তারা বলেন, র‍্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারত সরকার ও যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয়দেরকে অনুরোধ এবং তাদেরকে কাজে লাগানোর খবর উদ্বেগজনক এবং কূটনৈতিক শিষ্ঠাচারেরও বাইরে। তারা বিস্ময় প্রকাশ করে বলেন, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে কেন আমাদেরকে ভারত সরকারের কাছে নির্লজ্জভাবে তদবির করতে হবে।

তারা আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকালে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে যেভাবে মার্কিন কূটনীতিকদেরকে ভূমিকা রাখতে বলেন তা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদেরকে ডেকে আনার সামিল। পররাষ্ট্রমন্ত্রী বহুদিন ধরেই নানান ইস্যুতে দেশের জন্য অবমাননাকর বক্তব্য দিয়ে আসছেন। এসব আচরণ সরকারের অনুগত বিদেশি তোষণ নীতিরই বহিঃপ্রকাশ।

এখনো পর্যন্ত বিরাট সংখ্যক গার্মেন্ট কারখানায় শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ না করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করে বাম নেতৃবৃন্দ বলেন, টালবাহানা না করে ২৮ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে কোনো গড়িমসির সুযোগ নেই।

কলাবাগানে তেঁতুলতলা খেলার মাঠ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ভূমিকাকে দ্বিচারিতা এবং জবরদস্তি হিসাবে আখ্যায়িত করে অবিলম্বে থানা ভবন নির্মাণ কাজ বন্ধ করে নির্মাণসামগ্রী অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানান তারা। নেতৃবৃন্দ তেঁতুলতলা মাঠ নিয়ে আর পানি ঘোলা না করার জন্যেও সরকারের প্রতি দাবি জানান।

জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ-মার্কসবাদীর আহ্বায়ক মাসুদ রানা, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী, মো. রুবেল এবং ওয়ার্কার্স পার্টি- মার্কসবাদীর বিধান দাস, জোট নেতা সীমা দাসসহ অন্যান্যরা।

সারাবাংলা/এএইচএইচ/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর