আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: শস্যবোঝাই আরও চারটি জাহাজ ইউক্রেনের সমুদ্রবন্দর ত্যাগ করেছে। চারটি জাহাজ প্রায় ১ লাখ ৭০ হাজার টন শস্য ও অন্যান্য খাদ্যপণ্য বহন করছে। ইউক্রেনের সমুদ্র বন্দর কর্তৃপক্ষ ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে। তুরস্কের মধ্যস্থতাকারী কর্তৃপক্ষ যৌথ সমন্বয় কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে।
তুরস্কভিত্তিক যৌথ সমন্বয় কেন্দ্র জানিয়েছে, শস্য পরিবহনের জন্য কৃষ্ণ সাগরের বন্দর খুলে দিতে ইউক্রেন ও রাশিয়া রাজি হওয়ার পর মোট ৫টি জাহাজ শস্য ও অন্যান্য খাদ্যপণ্য নিয়ে ইউক্রেন ত্যাগ করেছে। সর্বশেষ চারটি জাহাজ কৃষ্ণ সাগরের চেরমোনর্স্ক এবং ওদেসা বন্দর থেকে রোববার সকাল ৬ থেকে সাড়ে ৮টার মধ্যে যাত্রা শুরু করে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার জানিয়েছেন, মুসতাফা নেকাতি, স্টার হেলেনা এবং গ্লোরি চেরমোনর্স্ক বন্দর থেকে রওয়ানা দেয়। আরেকটি জাহাজ রিভা মাইন্ড ওদেসা বন্দর থেকে রওয়ানা দেয়।
যৌথ সমন্বয় কেন্দ্র জানিয়েছে, জাহাজগুলো খাদ্যশস্য নিয়ে তুরস্ক, চীন ও ইতালি যাচ্ছে। প্রথমে এসব জাহাজ ইস্তাম্বুলে নোঙ্গর করবে। সেখানে জাহাজগুলো পর্যবেক্ষণ শেষে অন্যান্য গন্তব্যে যাওয়ার জন্য বসফরাস প্রণালী ব্যবহারের অনুমতি পাবে। এর আগে, গত সপ্তাহে একটি জাহাজ শস্য নিয়ে ইউক্রেনের বন্দর ছাড়ে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর কৃষ্ণ সাগরের বন্দরগুলো অবরুদ্ধ হয়ে যায়। এতে ইউক্রেনের খাদ্যপণ্য রফতানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগরের বন্দর খাদ্য পরিবহনের জন্য নিরাপদ ব্যবহারে সম্মত হয়। এর পর থেকে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি আবারও শুরু হয়।
যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছিল। ইউক্রেনের খাদ্যশস্য রফতানি শুরু হওয়ায় খাদ্য সংকট দূর হওয়ার আশা তৈরি হয়েছে। ইতিমধ্যে বিশ্ববাজারে প্রধান খাদ্যশস্য গমের দাম কমেছে।
সারাবাংলা/আইই