সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করার জন্য নেতাকর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম)।
এসময় তিনি বলেন, ‘এবারের নির্বাচনে শেখ হাসিনাকে নির্বাচিত করে শাসনক্ষমতা আজীবন যাতে তার হাতে থাকে সেই ব্যবস্থা করতে হবে। কারণ শেখ হাসিনা থাকলে বাংলাদেশ ভাল থাকে। তাই আগামী নির্বাচনে আমরা জয়লাভ করতে চাই।’
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখতে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আমরা শান্তি চাই, দেশের অগ্রগতি চাই। তাই আমরা অনেক কিছু সহ্য করে থাকি। যদি শেখ হাসিনা একবার আওয়াজ দেয় আর যদি হুকুম দেয়; বাংলাদেশে থাকার কোন অধিকার তোমাদের থাকবে না। কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। বড় বড় কথা বলে।’
বিএনপি নেতাদের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, ‘কোথাও কি আন্দোলন করে কি সফলতা আনছেন বলেন তো? একটা উদাহরণ দেখাতে পারবেন? ২৯ বছর ক্ষমতায় ছিলো জাতীয় পার্টি আর বিএনপি? এই দেশে কি স্মৃতি আছে? একটা মেয়ে হেঁটে গেলেও তার পায়ের ছাপ থাকে? কি করছেন আপনারা? আর জননেত্রী শেখ হাসিনার একটার পর একটা সফলতা। পদ্মা সেতু থেকে শুরু করে মেগাপ্রজেক্ট বিশ্ব তাকিয়ে থাকে। আর তারা বলে কি পাকিস্তান আমলে ভাল ছিল? তাহলে এই দেশে থাকেন কেন যান না পাকিস্তান। ধরে রাখছে কে?’
মায়া বলেন, ‘যারা মা-বোনের ইজ্জত নষ্ট করছে। ৩০ লাখ লোক শহীদ করেছে। আর তাদের গুণগান গাইবেন, এটা হবে না। এটা কিসের আলামত? লাঠির মধ্যে জাতীয় পতাকা। আরে তোরা তো স্বাধীনতাই মানস না। প্রশাসনকে অনুরোধ করতে চাই, এই লাঠি কোথা থেকে আসে? বাঁশ দিয়ে মিছিল করার অধিকার তাদের কে দিয়েছে? এরা কিভাবে অনুমতি পায় বাঁশ দিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করার? এটা বন্ধ করেন তা না হলে কিন্তু সহ্যের বাঁধ যদি ভেঙ্গে যায় রাজপথে তাদের আমরা থাকতে দিবো না।’
তিনি বলেন, ‘বাঁশের লাঠি নিয়া মিছিল করে? আর গয়েশ্বর রায় কি বলছে আপনারা প্রত্যেকে বাঁশির লাঠি নিয়া আসবেন। আপনারা বাঁশ নিয়া মিছিল করবেন আর কি আমরা চুপ থাকবো, এখনও বলছি ভালো হয়ে যান। আর যদি ভালো না হন কিভাবে ভালো করতে হয় তা কিন্তু আমরা জানি।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক এই নেতা আরও বলেন, ‘রাজপথ আমরা কাউকে ইজারা দেই নাই। এই রাজপথ কাউকে আমরা দখল করতে দিতে পারি না। রাজপথের মধ্য দিয়েই আগামী নির্বাচনে আমরা জয়লাভ করবো। আন্দোলনে যারা বিজয়ী হয়, ভোটেও তারা বিজয়ী হয়। কাজেই আন্দোলনে বিজয়ী হতে হবে। এরা যখন নির্বাচনে আসবে না। কাজেই আমাদের কাজ হল তারা যেন নির্বাচন নিয়ে কোন রকম ষড়যন্ত্র করতে না পারে আর আগুন সন্ত্রাস করতে না পারে। তার জন্য রাজপথে থাকতে হবে। নির্বাচনে থাকবো আর শেখ হাসিনাকে চতুর্থবারের মতো আবার প্রধানমন্ত্রী বানাবো, এটাই আমাদের শপথ।’
তিনি বলেন, ‘এবারের নির্বাচনে শেখ হাসিনাকে নির্বাচিত করে শাসনক্ষমতা আজীবন যাতে তার হাতে থাকে তার ব্যবস্থা করতে হবে। কারণ শেখ হাসিনা থাকলে বাংলাদেশ ভাল থাকে। আমরা নিরাপদে থাকি, মানুষের মুখে হাসি থাকে। বিশ্বের দরবারে বাঙালির মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাই শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা জয়লাভ করতে চাই।’
আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপির শেখ শহিদুল ইসলাম, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী, ন্যাপের ইসমাইল হোসেন প্রমুখ।
সারাবাংলা/এনআর/এনইউ