স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: দেশের শ্রমিকদের বাঁচার মত নিম্নতম ‘জাতীয় মজুরি নির্ধারণে’ সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেছেন, জীবনযাত্রার অসহনীয় ব্যয়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত আয় বাস্তবে অর্ধেকে নেমে এসেছে। দুর্মূল্যের বাজারে চরম কষ্টে রয়েছে শ্রমিকরা। বর্তমান মজুরি দিয়ে শ্রমিকদের মাসের ১৫ দিন চলাই কঠিন। স্বল্পতম সময়ে এই সংক্রান্ত মজুরি বোর্ড গঠন করার দাবি জানিয়েছেন তিনি।
রোববার (৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় দফতরে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
মতবিনিময় সভায় পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, এম ডি ফিরোজ, ফারজানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাইফুল হক বলেন, দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতির কারণে শ্রমিক পরিবারের খাদ্যগ্রহণ কমে গেছে। শ্রমিকদের এক বড় অংশ পুষ্টিহীনতার শিকার হয়েছে। অনতিবিলম্বে শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা ও রেশনিং ব্যবস্থা চালু করারও দাবি জানান তিনি।
সভার শুরুতে চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন কারখানায় ভয়াবহ বিষ্ফোরণে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। কারখানা সমূহের নিরাপত্তা জোরদার করারও দাবি জানানো হয় সভায়।
সারাবাংলা/ এ এইচ এইচ/এনইউ