ঢাকা: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশিকা অনুসরণে নতুন করে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
রোববার (২৯ জুন) প্রতিষ্ঠান ও দফতর প্রধানদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। নির্দেশনায় ২০১৯ সালের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট নির্দেশিকা ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এ নির্দেশনা অমান্য করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ। অতএব, সংশ্লিষ্ট সবাইকে উক্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ এ নির্দেশনার সঙ্গে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।






