বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে রাস্তায় মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৭২ সময় দেখুন
সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে রাস্তায় মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীরা


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো : দেশজুড়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছেন আলেম-ওলামা এবং মাদরাসার ছাত্র-শিক্ষকরা। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনের আহ্বানে তারা রাস্তায় নেমে আসেন এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধের আহ্বান জানান।

রোববার (২৪ অক্টোবর) সকালে নগরীর গণি বেকারির মোড়ে ‘সাম্প্রদায়িক সংঘাত ও সন্ত্রাস বিরোধী’ মানববন্ধনের আয়োজন করে দারুল উলুম কামিল মাদরাসা। এতে সংহতি প্রকাশ করে স্থানীয় কাজেম আলী স্কুল ও কলেজে এবং মঈনউদ্দিন শাহ্ এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন। সাম্প্রদায়িকতা বিরোধী বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার-ফেস্টুন নিয়ে মাদরাসার ছাত্র-শিক্ষকরা এতে অংশ নেন। সুজনের আহ্বানে বিভিন্ন এলাকা থেকে আসেন আলেম-ওলামারাও।

মানববন্ধনে দারুল উলুম কামিল মাদরাসার গভর্নিং কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম সুজন বলেন, ‘৩০ লাখ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবার। দুর্গাপূজায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে যারা সারাদেশে মণ্ডপে-মন্দিরে, হিন্দুদের বাড়িঘরে হামলা করেছে, তারা রাসূলের সরাসরি নির্দেশের বিরুদ্ধে কাজ করেছেন। তারা আল্লাহর নির্দেশ অমান্য করেছেন। তারা দেশ, রাষ্ট্র, জাতির বিরুদ্ধে কাজ করেছেন। তাদের বিরুদ্ধে দেশের প্রত্যেক জায়গায় সব আলেম-ওলামাকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

‘মাদরাসা-স্কুলের শিক্ষক, মসজিদের মুয়াজ্জিন, খতিব- সবাইকে বলব, মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সারাদেশে আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটা গণজাগরণ সৃষ্টি করতে চাই, যাতে করে আর কেউ কোনোদিন এ ধরনের সন্ত্রাস করতে না পারে। আপনারা দেখেছেন, ‍কুমিল্লায় যে নাশকতার সূচনা করেছে তাকে গ্রেফতার করা হয়েছে। ইকবাল হোসেন নামে একটা ছেলে, সে কোরআন শরীফ রেখে এসেছিল পূজামণ্ডপে। কিন্তু মাঝখান থেকে যে ক্ষতিটা হয়ে গেল, সেটা মানুষ হিসেবে আমাদের সবার জন্য খুব কষ্টের। যাদের ঘর পুড়েছে, মন্দির ভেঙ্গেছে আমরা তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা ক্ষমাপ্রার্থী।’

সুজন বলেন, ‘আসুন এইদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই মিলেমিশে সুন্দরভাবে বসবাস করি। আমরা একটি অসাম্প্রদায়িক, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশের মূল মর্মগাঁথা বাঙালি জাতীয়তাবাদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যাতে আমরা এগিয়ে যাই।’

সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে রাস্তায় মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীরা

দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ মহসিন ভূঁইয়া বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে- কোনো ধরনের হত্যা, সন্ত্রাস, অনৈতিক কর্মকাণ্ডের দিকে যেন মানুষ না যায়। নবী রাসূলের কঠোর নির্দেশনা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে, সংখ্যলঘুদের ওপর আক্রমণের বিরুদ্ধে। আমি মনে করি- আল্লাহর এই ঘোষণা, রাসূলের এই নির্দেশনা অনুযায়ী দুনিয়ার সমস্ত আলেমরা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ভূমিকা রাখতে পারে এবং আলেম-ওলামাদের এটা নৈতিক দায়িত্ব।’

মানববন্ধনে অংশ নেওয়া দারুল উলুম কামিল মাদরাসার ছাত্র শেখ রাসেল সারাবাংলাকে বলেন, ‘দুর্গাপূজায় যারা হামলা করেছে, তাদের কঠোর শাস্তি আমরা চাই। আমাদের ধর্মে বলা হয়েছে, অন্য ধর্মের ভাইদের সঙ্গে যেন আমরা মিলেমিশে থাকি, তাদের যেন আমরা স্নেহ করি। যারা আমাদের ধর্মকে উগ্রবাদী হিসেবে পরিচয় করিয়ে দিতে হামলার ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার আমরা চাই।’

মাদরাসার ছাত্র মোহাম্মদ আতাউল্লাহ সারাবাংলাকে বলেন, ‘ইসলাম সাম্প্রদায়িকতা চায় না। ইসলাম অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, লালন করে। যারা বাংলাদেশসহ সারাবিশ্বে সাম্প্রদায়িক সন্ত্রাস চালাচ্ছে, তারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। তারা প্রকৃত মুসলমান নয়। একজন প্রকৃত মুসলমান সাম্প্রদায়িক হতে পারে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- কাজেম আলী স্কুল ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষিকা সাদিয়া মুক্তা, মঈনউদ্দিন শাহ্ এতিমখানার অধ্যক্ষ আলী নেওয়াজ, দারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাহবুবুল আলম ছিদ্দিকী, শিক্ষক মাহবুবুর রহমান ছিদ্দিকী, হাবিব উল্ল্যাহ, আনোয়ার হোসেন।

সারাবাংলা/আরডি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর