স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর এবং বাসে অগ্নিসংযোগ করেছে বিএনপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছুড়েছে পুলিশ।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ধানমন্ডিতে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করে বিএনপি নেতা-কর্মীরা। পদযাত্রাটি ঢাকা সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েন্সল্যাবরেটরি মোড়ে এসে বিএনপির কিছু নেতাকর্মী পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ সময় একটি একটি দোতলা বাসে আগুন দেয় তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
ঘটনাস্থল থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসালম রবিসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
বিএনপির পদযাত্রাটি ধানমণ্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে রাইফেল স্কয়ার-ঢাকা সিটি কলেজ-সায়েন্সল্যাব-বাটা সিগন্যাল হয়ে কাঁটাবন মসজিদের সামনে শেষ হওয়ার কথা ছিল।
সারাবাংলা/এজেড/একে