শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

‘সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি বানিয়ে আলোচনার দরজা বন্ধ করা হলো’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ সময় দেখুন
‘সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি বানিয়ে আলোচনার দরজা বন্ধ করা হলো’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি বানিয়ে ভবিষ্যতে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার দরজটাও বন্ধ করা হলো বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল ক‌বির খোকনের গাড়ি বহরে গুলি বর্ষণের ঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ মানববন্ধন আয়োজন করা হয়।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘আওয়ামী লীগের এতো নেতা থাকতে সাহাবুদ্দিনকে কেন রাষ্ট্রপতি করা হল? তাকে রাষ্ট্রপতি করে হাজার প্রশ্নের জন্ম দিয়েছে আওয়ামী লীগ।’

‘এই সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নিয়োগ পাওয়ার ৩০ দিনের মধ্যে ৩০ হাজার কোটি টাকা উধাও হয়ে গেছে। সেই ব্যক্তি আবার বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেলেন। যদি পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ রাষ্ট্রপতি হতেন, তাহলে আগামী দিনে তাদের (আওয়ামী লীগ) সঙ্গে আলোচনার একটা সুযোগ থাকত। সে আলোচনার দরজাটাও শেখ হাসিনা বন্ধ করে দিলেন’— বলেন বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, ‘আওয়ামী লীগে এতো বর্ষিয়ান নেতা থাকতে কী কারণে সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করা হল? তার (মো. সাহাবুদ্দিন) একটাই সফলতা, তিনি বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়েছেন, মামলা পরিচালনা করে সাজার ব্যবস্থা করেছেন। সেই কারণে তাকে রাষ্ট্রপতি করা হয়েছে।’

বুলু বলেন, তাই এই সরকারের পতনের জন্য দেশ প্রেমিক সকল সংগঠন রাস্তায় নেমেছে। আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের মধ্য দিয়েই এ সরকারের পতন হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে ও কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, বিলকিস ইসলাম, কৃষকদলের সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী, ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর