সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আজমল হোসেন স্ট্রোক করে মারা গেছেন। তার মৃত্যুর সঙ্গে সম্মেলনের কোনো সম্পর্ক নেই।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সম্মেলনের আশপাশে কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলছি।
তিনি বলেন, আজমল হোসেন স্ট্রোক করেছেন। ৩টা বাজে তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়, পরে সেখানে মারা গেছেন তিনি। এর সঙ্গে সম্মেলনের কোনো রিলেশন (সম্পর্ক) নেই। কোনোভাবেই সম্মেলনের সঙ্গে এ ঘটনা যুক্ত নয়।
প্রসঙ্গত, সোমবার (১৪ নভেম্বর) সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আজমল হোসেন (৩৫) মারা যান বলে গণমাধ্যমে খবর আসে। আজমল হোসেন কুলঞ্জ গ্রামের আবদুল হান্নান চৌধুরীর ছেলে। তিনি দিরাই সদরে হাসপাতাল রোডে পরিবারের সঙ্গে থাকতেন।
সারাবাংলা/ইএইচটি/ এনইউ