আন্তর্জাতিক ডেস্ক
২৪ ঘণ্টা বিভ্রাটের পর অবশেষে লেবাননে বিদ্যুৎ ফিরেছে। লেবানন সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, একদিন জ্বালানি সরবরাহ বন্ধ থাকার পর অচলাবস্থা কেটেছে।
লেবাননের জ্বালানি মন্ত্রী বলেছেন, জ্বালানি ক্রয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংক ১০০ মিলিয়ন ডলার ছাড় দিয়েছে। এতে বিদ্যুৎকেন্দ্রগুলো ফের চালু হয়েছে।
জ্বালানি সংকটের কারণে লেবাননজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। শনিবার দুপুরে একযোগে পুরোদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
১৮ মাস ধরে চলা অর্থনৈতিক মন্দায় লেবাননের জ্বালানি খাত দিশেহারা। দেশটিতে জ্বালানি ক্রয়ের জন্য অর্থ ছাড় দিতেও হিমশিম খাচ্ছে সরকার। অর্থনৈতিক মন্দার ফলে সৃষ্ট বিদ্যুৎ সংকট দেশটির শিল্প খাতকে চরম বিপর্যয়ে ফেলেছে। বন্ধ হয়ে গেছে অসংখ্য কারখানা। ফলে বাড়ছে দারিদ্র্য। বৈদেশিক মুদ্রার সংকটে লেবানন বিদেশ থেকে আমদানি করতেও হিমশিম খাচ্ছে।
শনিবার দুপুরে জ্বালানির অভাবে লেবাননের বৃহত্তম দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। এতে সারাদেশে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। এর ২৪ ঘণ্টা পর বিদ্যুৎ বিতরণ বিভাগ এক বিবৃতি জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক অর্থ ছাড়া দেওয়ায় জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। ফলে বিভ্রাটের আগের মতোই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
আরও পড়ুন
সারাবাংলা/আইই