স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: সম্পত্তি আত্মসাৎ করে দলীয় কার্যালয় বানানোর অভিযোগ অস্বীকার করে অভিযোগকারীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।
রোববার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএসপির অতিরিক্ত মহাসচিব মুফতি বাকী বিল্লাহ আল আযহারী এ হুমকি দেন।
নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে মনোনীত বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারির বিরুদ্ধে সম্প্রতি তার ছোট ভাই সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারি ও তার দুই বোন জমি দখল করে রাজনৈতিক কার্যালয় বানানোর অভিযোগ আনেন ।
ওই অভিযোগের প্রতিবাদ জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএসপির সহ-সভাপতি বাকী বিল্লাহ আল আযহারী বলেন, ‘নির্বাচন কমিশনে অভিযোগে দাবি করা হয়েছে যে, বিএসপির কেন্দ্রীয় কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়সমূহ অভিযোগকারীগণের পৈতৃক সম্পত্তিতে অবস্থিত, যা সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন। বিএসপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে অবস্থিত কোনো কার্যালয়ই কারও এজমালী কিংবা পৈতৃক সম্পত্তিতে অবস্থিত নয়।’
‘আগামী ৬ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে তাদের দাখিলকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে মিডিয়ার সামনে প্রকাশ্যে মৌখিক ও লিখিত ক্ষমা প্রার্থনা করবেন। অন্যথায় বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে’- বলেন বাকী বিল্লাহ।
দলের চেয়ারম্যানের পরিবারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে দলের দপ্তর সম্পাদক ইব্রাহিম মিয়া বলেন, ‘সৈয়দ সহিদ উদ্দিনসহ নির্বাচন কমিশনে যারা অভিযোগ দিয়েছে তাদের সবার ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা গতকাল (শনিবার) সমাবেশ থেকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিলাম। সেটা শেষ হয়ে গেছে। আজ সন্ধ্যার মধ্যে সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’
তিনি আরও বলেন, ‘মতের সঙ্গে দ্বিমত থাকতেই পারে। সমালোচনা সবাই করতে পারে। কিন্তু নির্বাচন কমিশনে মিথ্যা তথ্য সম্বলিত চিঠি দিয়ে নিবন্ধন বাতিলের দাবি গুরুতর অভিযোগ। নির্বাচন কমিশন পাঁচবার তদন্ত করেছে। এইসব অভিযোগ করে তো নির্বাচন কমিশনকেও প্রশ্নবিদ্ধ করেছেন।’
বর্তমান সংবিধানের আলোকে বাংলাদেশ সুপ্রিম পার্টি নির্বাচন চায় জানিয়ে ইব্রাহিম মিয়া বলেন, ‘পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নামে কোন সরকার আছে কিনা আমার জানা নেই। ভারত আমেরিকায় যে নির্বাচন হয় সেটা তাদের নির্বাচন কমিশনের অধীনেই হয়। সেই সিস্টেমে কি আমাদের দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না? অবশ্যই পারে। বর্তমানে অনেকেই এই দাবি (তত্ত্বাবধায়ক সরকার) করছে, আমি মনে করি এটা সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তাই সংবিধানের বাইরে কোন কথা বলতে চাই না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম পার্টির ভাইস চেয়ারম্যান রুহুল আমীন ভুইয়া, দপ্তর সম্পাদক ইব্রাহীম মিয়া, আসলাম হোসাইন, মনির হোসেন, শোহাগ শেখ প্রমুখ।
সারাবাংলা/এজেড/এনইউ