মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে মোবাইল ফোনে পরিচয় সূত্রে বিয়ের প্রলোভন দেখিয়ে একগার্মেন্টস কর্মীকে নিজ এলাকায় এনে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত আবু তালেব ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের বিলখেরুয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
শুক্রবার (০৩ ডিসেম্বর) দুপুরে র্যাব ময়মনসিংহস্থ র্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বাহিনীটির কোম্পানি কমান্ডার আখের মোহাম্মদ জয়। এর আগে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুর জেলার কালিগঞ্জ থেকে আবু তালেবকে গ্রেফতার করা হয়।
র্যাব কমান্ডার আখের মোহাম্মদ জয় জানান, দুই থেকে তিন মাস আগে ভুক্তভোগী নারীর সঙ্গে আবু তালেবের মোবাইল ফোনে পরিচয় হয়। পরবর্তীতে ১৪ নভেম্বর আবু তালেব ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে আবু তালেব নিয়মিত ওই নারীকে ধর্ষণ করে আসছিলেন। এরপর র্যার-১৪ খবর পেয়ে তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুর জেলার কালিগঞ্জ থেকে আবু তালেবকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার স্ত্রী থাকা সত্ত্বেও তিনি অসহায় তরুণীদের টার্গেট করে তাদের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করতেন। এভাবে বেশ কয়েকজন নারীকে ধর্ষণ করার কথা স্বীকার
করেছে আবু তালেব। ওই আসামী আবু তালেবকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।