গত বছর সেপ্টেম্বরে লঞ্চ করেছিল Apple-এর iPhone 13 Pro Max, আর এ বছরের গোড়ায় আলোকচিত্র প্রতিযোগিতার ঘোষণা করেছিল সংস্থা। Apple জানিয়েছিল iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max-এর ব্যবহারকারীদের আয়োজন করা হচ্ছে এক ম্যাক্রো ফোটোগ্রাফি প্রতিযোগিতার। ফ্ল্যাগশিপ iPhone দিয়ে তোলা ছবিই স্থান পাবে এই প্রতিযোগিতায়। সম্প্রতি Apple সেই ‘শট অন iPhone ম্যাক্রো চ্যালেঞ্জ’-এর সেরা ছবিগুলি প্রকাশ করেছে। এতে রয়েছে প্রতিযোগিতায় বিজয়ী ১০টি নানা স্বাদের ছবি। চলতি বছর জানুয়ারি মাসে iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max ব্যবহারকারীদের জন্য একটি নতুন ‘শট অন iPhone ম্যাক্রো চ্যালেঞ্জ’-এর ডাক দিয়েছিল Apple, যাতে বলা হয়েছিল লেটেস্ট iPhone Pro মডেলের ম্যাক্রো ক্যামেরা দিয়ে ছবি তুলে পাঠাতে হবে প্রতিযোগীদের। ম্যাক্রো ফটোগ্রাফি চ্যালেঞ্জে-এর বিজয়ী হিসেবে Apple সেরা ছবিগুলি প্রকাশ করেছে। সেরা ১০জন প্রতিযোগীর তোলা ছবিতে ফুটে উঠেছে সারা বিশ্বের নানা বৈচিত্র৷ এই সেরা দশের তালিকায় রয়েছে ভারতও। শুধু তাই নয়, সেরা চিত্রগ্রাহকদের মধ্যে রয়েছেন এক বাঙালিও।