Last Updated:
কলকাতা: অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে তৎপরতা কলকাতা পুলিশের। কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশের পরেই এই তৎপরতা শুরু হয়েছে বলে সূত্রের খবর। ১৯৯১ সাল থেকে দক্ষিণ কলকাতায় পরিচয় গোপন করে থাকা এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে এবার তদন্তে নামল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি সম্পর্কে অভিযোগ পেয়েছিল এফআরআরও বা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। একইসঙ্গে সূত্রের দাবি, এফআরআরও-এর আধিকারিকরা অনুসন্ধান চালিয়ে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে।
অনুসন্ধানে উঠে এসেছে ওই ব্যক্তি বাংলাদেশের পাসপোর্ট ও বৈধ নথি ছাড়া অবৈধ ভাবে এদেশে চলে আসেন ১৯৯১ সালে। তারপর এদেশের ভুয়ো পরিচয়পত্র তৈরি করেন। সরকারি আধিকারিকদের কাছে নিজের পরিচয় গোপন করেই পরিচয়পত্র বানিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গেও প্রতারণা করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।
অনুসন্ধান শেষে এফআরআরও এর তরফে বিষয়টি জানানো হয় সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনকে। যৌথ ভাবে ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় ভবানীপুর থানায়। ভবানীপুর থানা ইতিমধ্যে মামলা রুজু করেছে, যার তদন্ত শুরু করেছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন।
Kolkata,West Bengal
June 20, 2025 1:29 PM IST
Bangladeshi: ৩৫ বছর ধরে পরিচয় লুকিয়ে কলকাতায় আশ্রয়! ১ বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে কলকাতা পুলিশ