Last Updated:
ছত্তিশগড়: ছত্তিশগড়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে৷ তবে এখানেই শেষ নয়! স্থানীয় প্রশাসন সূত্রের খবর, এই এনকাউন্টারে ২০০৩ সালে অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর হত্যার চক্রান্ত করা আলিপিরি বোমা হামলার মূলচক্রী নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজুরও মৃত্যু হয়েছে৷ গত ৫০ ঘণ্টারও উপর ধরে চলছে মাওবাদীদের সঙ্গে এই সংঘর্ষ৷
গোয়েন্দা সূত্রে খবর পেয়েই ছত্তিশগড়ের মাদ ডিভিশনের আবুঝমাদ এলাকায় প্রবীণ তথা প্রথমসারির মাওবাদী নেতার খোঁজে যৌথ অপারেশন চালায় সে রাজ্যের চার জেলার পুলিশ৷ আবুজমাদ এবং ইন্দ্রবতী জাতীয় উদ্যানের জঙ্গলে একটানা চলে মাওবাদী বিরোধী অপারেশন৷
ছত্তিশগড়ের উপ মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের গৃহমন্ত্রী বিজয় শর্মা বলেন, ‘‘২৬ জনেরও বেশি মাওবাদীকে খতম করা হয়েছে৷ তার মধ্যে কিছু বড় মাপের নেতাও ছিল৷ পুলিশের এক সাপোর্টারও সংঘর্ষে মারা গিয়েছে৷ মাও সংঘর্ষে এক পুলিশকর্মী আহত হয়েছেন৷’’
গত সপ্তাহে, ছত্তিশগড়-তেলেঙ্গানার কারেগুট্টালু পাহাড়ে (কেজিএইচ) সবচেয়ে বড় অভিযান চালায় পুলিশ৷ নিহত হয় কমপক্ষে ৩১ জন মাওবাদী। ছত্তিশগড় পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) গত ২১ দিন ধরে ২১টি এনকাউন্টার করেছে৷ তারপর উদ্ধার হয়েছে ৩১ জন পোশাকধারী মাওবাদীর মৃতদেহ এবং ৩৫টি অস্ত্র৷ যার মধ্যে ১৬ জন মহিলা মাওবাদীও ছিল।
ছত্তিশগড়-তেলঙ্গানা সীমান্তে নকশালদের একটি দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে বিবেচিত কারেগুট্টালু পাহাড়ে (কেজিএইচ) ২১ দিন ধরে সংঘটিত ২১টি এনকাউন্টারের পর এই অভিযান চালানো হয়।