Last Updated:
হুগলি: পাক রেঞ্জারদের হাতে বন্দি রয়েছে হুগলির রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এখনও সেই জওয়ানকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে কোনও উদ্যোগ নেই কেন্দ্রের। আক্ষেপের সুর পুর্নমের স্ত্রী রজনী সাউয়ের গলায়।
তবে এরইমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে খোঁজখবর নিলেন রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে। মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে অনেকটাই আস্থা ফিরে পেয়েছে পুর্নমের স্ত্রী ও তাঁর পরিবার। পরিবারের সদস্যদের শারীরিক চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী সমস্ত রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্রুত সাক্ষাৎ করে স্বামীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আর্জি জানাবেন বলেই জানিয়েছেন পুর্নমের স্ত্রী রজনী সাউ। একের পর এক দিন কাটছে দুশ্চিন্তায়। চরম অনিশ্চয়তায় সাউ পরিবারে বাড়ছে উদ্বেগ।
প্রসঙ্গত, গত ২৩শে এপ্রিল পঞ্জাবের ফিরোজপুর বর্ডারে পাক রেঞ্জার্সদের হাতে আটক হয় রিষড়ার বাসিন্দা ২৪ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান পূর্নম কুমার সাউ। তাঁর মুক্তির জন্য একাধিকবার ফ্ল্যাগ মিটিং হয়। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে পূর্নমের মুক্তির ব্যাপারে কোনও সদুত্তর মেলেনি।
সম্প্রতি এক পাক রেঞ্জার্সকে রাজস্থানে বন্দি করে বিএসএফ। আশার আলো দেখা শুরু করে পূর্নমের পরিবার। কিন্তু ভারত পাক সংঘর্ষ শুরু হতেই সেই আশা ক্রমশ ক্ষীণ হতে শুরু করেছে।
তবে গতকাল দু’দেশই অস্ত্র বিরতির কথা ঘোষণা করায় আবার নতুন করেন আশায় বুক বাঁধছে রজনীরা।
ইতিমধ্যেই টেলিফোনে পূর্ণমের স্ত্রী রজনীর সঙ্গে কথা বলেছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি গতকালই ডিজি বিএসএফের সঙ্গে কথা বলেছি। যেহেতু দুই দেশ সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছে। তাই পূর্ণম সাউকে ফিরিয়ে আনার বিষয়ে এবার পদক্ষেপ করা উচিত দেশের।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “ডিজি আমাকে জানিয়েছেন, তিনি সর্বোচ্চভাবে চেষ্টা চালাচ্ছেন। আমি রাজনাথ সিংয়ের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলাম। প্রধানমন্ত্রী অফিসে যোগাযোগ করি, কথা হয় একজন আধিকারিকের সঙ্গে। সেখান থেকে উত্তর পেয়েছি যে প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানো হবে। আমরা অপেক্ষা করে বসে আছি কখন পূর্ণম ফিরে আসে।
রানা কর্মকার
Kolkata,West Bengal
May 12, 2025 12:30 AM IST
‘আজও ঘরে ফিরল না পূর্ণম…’, পাক রেঞ্জারদের হাতে বন্দি BSF জওয়ানের স্ত্রীকে ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী