Last Updated:
বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার সংশোধনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি৷ বিরোধীদের অভিযোগ, বৈধ লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে৷ এ দিনও সংসদ ভবনের বাইরে একজোট হয়ে বিহারে ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী সাংসদরা৷
রাজ্য রাজনীতিতে জোর জল্পনা, বিহারের পর আগামী বছর বিধানসভা নির্বাচনে এ রাজ্যেও ভোটার তালিকা সংশোধনের কাজ করবে নির্বাচন কমিশন৷ এ নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে৷ এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার অফিসকে আরও স্বাধীনতা দিতে রাজ্য সরকারকে বিশেষ নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন৷
এত দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতর ছিল রাজ্য স্বরাষ্ট্র দফতরের অধীনে৷ মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, স্বরাষ্ট্র দফতরের অধীনে সিইও অফিস-কে রাখলে হবে না৷ তার বদলে একটি নির্বাচনী দফতর বা বিভাগ তৈরি করতে হবে রাজ্য সরকারকে৷ সেই দফতরের অধীনেই থাকবে সিইও অফিস৷ ওই দফতরের জন্য আলাদা বাজেট বরাদ্দ করবে রাজ্য সরকার৷
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, নতুন এই নির্বাচন দফতরের সঙ্গে রাজ্য সরকারের কোন দপ্তরের যোগাযোগ থাকবে না। ইলেকশন ডিপার্টমেন্ট অর্থাৎ নির্বাচনী বিভাগের একটি নির্দিষ্ট বাজেট থাকবে। এই দফতর তৈরি করলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে স্বতন্ত্র স্বাধীনতা থাকবে। যেটা তাকে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে সাহায্য করবে বলেই রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে। এর পাশাপাশি এই ইলেকশন ডিপার্টমেন্টের জন্য একজন ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার নিয়োগ করতে হবে সিইও দফতরে৷
ওয়াকিবহল মহলের মতে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের হাতে আরও স্বাধীনতা দিতেই এই সিদ্ধান্ত৷ নির্বাচনের জন্য কর্মী নিয়োগ, প্রশিক্ষণের মতো বিষয়গুলিতেও এর ফলে রাজ্য সরকারের উপরে সিইও অফিসের নির্ভরশীলতা কমবে৷ মনে করা হচ্ছে, রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুর প্রস্তুতি হিসেবেই রাজ্যের সিইও দফতরকে আলাদা ইলেকশন দফতরের অধীনে নিয়ে আসতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন৷
Kolkata,West Bengal
July 22, 2025 7:15 PM IST