বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার—বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সম্পদ। এই সম্পদকে রক্ষা ও পরিচ্ছন্ন রাখতে এবং কক্সবাজারকে ইতিবাচকভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরার লক্ষ্যে আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে একটি সচেতনতামূলক পরিচ্ছন্নতা কর্মসূচি।
সকাল ১০টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ইপসা’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান ও ইপসা’র প্রধান নির্বাহী পরিচালক ড. আরিফুর রহমান।
এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করেন ট্যুরিস্ট পুলিশ, বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ এবং কক্সবাজার জেলার স্থানীয় ১২টি যুব নেতৃত্বাধীন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীরা সমুদ্র সৈকতের বিভিন্ন অংশ থেকে প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন। পাশাপাশি পর্যটক ও স্থানীয়দের মাঝে পরিবেশ সচেতনতা তৈরির জন্য বার্তা প্রদান করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কক্সবাজার শুধু একটি পর্যটন এলাকা নয়, এটি দেশের গর্ব ও অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এই সম্পদ রক্ষা করা সবার সম্মিলিত দায়িত্ব। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতার মাধ্যমে কক্সবাজারকে আরও সুন্দর ও পরিবেশবান্ধব করে তোলা সম্ভব।
কর্মসূচি শেষে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।