ঢাকা: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ ও জাতীয় পার্টির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার পর সংঘর্ষে রক্তাক্ত হন নুরুল হক নুর। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
রক্তাক্ত নুরুল হক নুর। ছবি: সারাবাংলা
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়া হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণঅধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে নুরুল হক নুরসহ অনেকেই আহত হন।
জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ। ছবি: সারাবাংলা
গণঅধিকার পরিষদের কর্মীরা জানান, নুরের মাথা ফেটে গেছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে।
সেনাবাহিনী মোতায়েন। ছবি: সারাবাংলা
এদিন, সন্ধ্যায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাপা ও গণঅধিকার পরিষদের নেতকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। জাপার নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন। আর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।