ইজারা ছাড়া কুতুবদিয়া-মগনামা নৌ-পারাপারঘাটে দীর্ঘ সাত মাস ধরে স্পিডবোটে ৮০ টাকা এবং ডেনিসবোটে ৩০ টাকাসহ মালামালের ভাড়াও আদায় করত ইচ্ছেমতো। নিয়ম অনুযায়ী ভাড়া দিতে গেলে যাত্রীদের নানা হেনস্তার শিকার হতে হতো ঘাটচক্রের হাতে।
এ ঘটনায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদ ও কুতুবদিয়া প্রেসক্লাবের পৃথক পৃথক জরুরি মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, স্পিডবোটে ৬০ টাকা এবং ডেনিসবোটে ২০ টাকা ভাড়া নির্ধারণ করতে হবে। প্রস্তাবটি ঝড়ের গতিতে সমর্থন করে কুতুবদিয়াবাসী।
বিবদমান পরিস্থিতির প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ২ নভেম্বর কুতুবদিয়ায় এসে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে স্পষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ৬০ ও ২০ টাকা ভাড়া নির্ধারণ করে অনতিবিলম্বে ইজারা আহ্বান করা হবে।
এই সিদ্ধান্তের ফলে এলাকার যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং বন্ধ হতে যাচ্ছে চলমান অতিরিক্ত ভাড়া আদায়। খবরটি জানাজানি হলে বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম. শহীদউদ্দিন ছোটন ও কুতুবদিয়া প্রেসক্লাবকে অভিনন্দন জানান কুতুবদিয়াবাসী।