আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: এক বছরের সাজা থেকে বাঁচতে ৮ বছর পালিয়ে বেড়ানো তৌফিক ধরা পড়লো পুলিশের হাতে। সোমবার (১০ অক্টোবর) ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম।
২০১৩ সালে চেক প্রতারণা মামলায় এক বছরের সাজা হয় জয়নুল আবেদীন জনি ওরফে তৌফিকের (৩৯)। সেই সাজা থেকে বাঁচতে পালিয়ে বেড়ান তিনি। কিন্তু ৮ বছর পর পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। আজ সোমবার চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তৌফিক চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মাদ্রাসাপাড়ার নুরুল হোসেনের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, তৌফিক ২০১০ সালে ঢাকায় পুরাতন গাড়ির ব্যবসা শুরু করেন। ব্যবসায় সুবিধা করতে না পেয়ে ২০১২ সালে আবার ঋণ নিয়ে সিলেটে ট্রান্সপোর্ট ও মোটর পার্টসের ব্যবসা শুরু করেন। ২০১৩ সালে তিনি সর্বমোট প্রায় ২.৫ কোটি টাকার দেনায় জড়িয়ে পড়েন। এরপর ২০১৩ সাল থেকে বিভিন্ন সময় ঢাকা ও চুয়াডাঙ্গা আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই বছরই তার সাজা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। সোমবার বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৬ টি সাজা পরোয়ানাসহ মোট ১০ টি গ্রেফতার পরোয়ানা রয়েছে।






