নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের বিরুদ্ধে নির্যাতন, বাড়িতে ভাঙচুর ও পরিকল্পিতভাবে অস্ত্র উদ্ধারের অভিযোগ তুলে ব্যবসায়ী আমজাদ হোসেন বিদ্যুতের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
শনিবার দুপুরে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ভৈরব বাজার বণিক সমিতির আহ্বায়ক কবির মিয়া, ব্যবসায়ী রাশেদ, নাজিম, ইরাক, স্বপনসহ ভুক্তভোগীর স্বজনরা।
বাজার কমিটির আহ্বায়ক কবির মিয়া বলেন, “বিদ্যুৎ এ বাজারের একজন পরিচিত ব্যবসায়ী। প্রতিপক্ষের ইন্ধনে তাকে বিনা অপরাধে ফাঁসিয়ে কোস্ট গার্ড থানায় সোপর্দ করেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও তার মুক্তি দাবি করছি।”
ব্যবসায়ী রাশেদ বলেন, “বিদ্যুৎ আমার পাশের দোকানদার। তাকে অন্যায়ভাবে বাজার থেকে ধরে নিয়ে গিয়ে অস্ত্র মামলায় জড়ানো হয়েছে।”
অন্য বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ মধ্যপ্রাচ্যে থাকতো। সে প্রবাসী ছিল। এখন এ বাজারের পরিচিত ব্যবসায়ী। স্থানীয় একটি ষড়যন্ত্রকারী চক্রের প্ররোচনায় পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ভুক্তভোগীর মা লুৎফে আরা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে বাজার থেকে হাত বেঁধে বাড়িতে আনা হয়। এরপর ছাদে নিয়ে মারধর করা হয়। পরে হাঁস-মুরগির খোপ থেকে অস্ত্র উদ্ধারের কথা বলা হয়। আমি বলেছি, সন্ধ্যায় আমি নিজেই সেখানে হাঁস-মুরগি বেঁধেছি। এটা ষড়যন্ত্র।”
বিদ্যুতের স্ত্রী পারভীন আক্তার বলেন, “ আমার স্বামীকে ছাড়ার অনুরোধ করলে আমাকে গালিগালাজ করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাও নিয়ে গেছে তারা। ”
প্রতিবেশী সুলতানা বেগম ও জোছনা জানান, বিদ্যুতের চিৎকার শুনে গিয়ে তারা তাকে অমানবিকভাবে মারধরের দৃশ্য দেখেছেন।
এ সময় শারীরিক প্রতিবন্ধী শিশু আরমানও অভিযোগ করে বলে, “বিদ্যুৎ আঙ্কেলকে বাঁচাতে গেলে কোস্ট গার্ড গুলি করার হুমকি দেয়।”
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, বাড়ি থেকে বিদ্যুতের চিৎকার শুনে এবং ডাকাতের আক্রমণ ভেবে এলাকার মানুষ তাদের বাড়ির দিকে ছুটে আসছিল। এসময় কোস্ট গার্ড এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
ভুক্তভোগী আমজাদ হোসেন বিদ্যুৎ (৩৬) চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের হাজি আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় ভৈরব বাজারের একজন ব্যবসায়ী।
মানববন্ধন শেষে বিদ্যুতের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। এতে অন্তত দুই সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।
উল্লেখ্য, গত ২১ মে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোস্ট গার্ড অভিযান চালিয়ে আমজাদ হোসেন বিদ্যুৎকে আটক করে। পরদিন তাকে থানায় সোপর্দ করা হয়।