মো. সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গ্যাস অনুসন্ধানে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর ) সকাল ১১.০০ টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে অত্র এলাকার রাজনৈতিক সামাজিক ও সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চরলক্ষ্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও IIfc এর সহকারী পরিবেশ বিশেষজ্ঞ মো: রেদওয়ানুল ইসলাম ও ফজলুর রহমান আবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: মোজাহিদুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাপেক্স এর উপব্যবস্থাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন চরলক্ষ্যা ইউনিয়নের মেম্বার, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ।
সভায় বক্তারা বলেন প্রস্তাবিত প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়নে প্রতিবেদন প্রস্তুতির জন্য পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুসরণ করা হয়েছে। প্রকল্পের কারণে কোন উল্লেখযোগ্য নেতিবাচক পরিবেশগত প্রভাব পাওয়া যায়নি। সাধারণ স্বল্পমেয়াদী নির্মাণে উল্লেখযোগ্য কোন প্রভাব পড়বেনা। উপস্থিত জনসাধারণ ও জনপ্রতিনিধিবৃন্দ তাদের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং প্রকল্পটি দ্রুততম সময়ে সম্পন্ন করতে সামগ্রিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরোও বলেন, গ্যাস উত্তোলন যেমন আমাদের প্রয়োজন তেমনি পরিবেশ রক্ষা করাও আমাদের প্রয়োজন। পরিবেশের দিকে সর্বোচ্চ দৃষ্টিপাত রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। কোন অবস্থাতেই গ্যাস উত্তোলনের নামে পরিবেশ নষ্ট করা যাবে না। বক্তারা আরো বলেন, সর্বপ্রথম কর্ণফুলী উপজেলায় গ্যাস সংযোগ দিতে হবে, কর্ণফুলীর স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।