মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ১২ মামলার আসামি সাবেক যুবদল নেতা জসিম গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ সময় দেখুন
লক্ষ্মীপুরে ১২ মামলার আসামি সাবেক যুবদল নেতা জসিম গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ১২ মামলার আসামি নজরুল ইসলাম জসিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জেলা সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত।

গ্রেপ্তার নজরুল ইসলাম জসিম সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের দক্ষিণ হামছাদী গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, জসিম দীর্ঘদিন ধরে এলাকায় নানা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা, চারটি অস্ত্র মামলা সহ মোট ১২টি মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মামলায় তিনি ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, “জসিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জেলা সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

অন্যদিকে জসিমের বড় বোন সাজু বেগম জানান, “আমার ভাই শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসা নিতে সদর হাসপাতালে গেলে পুলিশ তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে পালেরহাট বাজার সংলগ্ন ইদখোলার সামনে দুর্বৃত্তদের গুলিতে জসিমের পায়ে গুলি লাগে। পরের বছর ২০১৬ সালে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর