সারাবাংলা ডেস্ক
চট্টগ্রাম ব্যুরো: ‘রক্তে রক্তে বন্ধন হোক; রক্তে লাগুক ঢেউ, আমার চোখে দেখবে ধরা, নতুন করে কেউ’- এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২ নভেম্বর) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এতে ছিলেন- চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি।
এছাড়া সন্ধানী চমেক ইউনিটের উপদেষ্টা এ ইউ এম সলিমুল্লাহ, সভাপতি মোহাম্মদ রোমানুল ইসলাম, সাধারণ সম্পাদক তাসনোভা ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া ইসলাম আসিফা শোভাযাত্রায় ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া সপ্তাহজুড়ে প্রচারণা কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- স্বেচ্ছায় রক্তদান ও মোটিভেশন, পথশিশুদের জন্য স্বাস্থ্যক্যাম্প, হেপাটাইটিস ও টাইফয়েড প্রতিরোধে স্বল্প খরচে টিকাদান, মরণোত্তর চক্ষুদান সম্পর্কিত সেমিনার। চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে এসব কর্মসূচি চলবে।
সারাবাংলা/আরডি/পিটিএম