জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম এর সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯৬ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, অন্যান্য সদস্যবৃন্দ ও সচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও কয়েকজন সিন্ডিকেট সদস্য অনলাইন প্লাটফরমের মাধ্যমে সিন্ডিকেট সভায় সংযুক্ত ছিলেন।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটটি বর্তমান উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম প্রশাসনের প্রথম বাজেট। অর্থ কমিটির ৮০তম সভায় সুপারিশকৃত ২০২৩-২৪ অর্থবছরের সংশোধনী বাজেট ও ২০২৪-২৫ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটটি উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী। সভায় উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম, পিএইচডি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে স্মরণ করে বাজেট আলোচনা শুরু করেন।
উক্ত সিন্ডিকেট সভায় ২০২৪-২৫ অর্থ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যায়ের জন্য ২০১ কোটি টাকার মূল রাজস্ব (পরিচালন ও উন্নয়ন) বাজেট পাস হয়। এর মধ্যে ১৬৩ কোটি ২৪ লক্ষ টাকা ইউজিসির অনুদান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আসবে ৮ কোটি ৩০ লক্ষ টাকা। ফলে ঘাটতি থাকবে ৩৭ কোটি ৭৬ লক্ষ টাকা। বাজেটে গবেষণায় মোট বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি ২০ লক্ষ টাকা, যার ভিতরে পিএইচডি গবেষণার জন্য এই প্রথমবারের মতো ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
উল্লেখ্য, মাননীয় উপাচার্যের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেটে ইউজিসি হতে পারিতোষিক বাবদ ৪ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়াও বাজেটে সেবা সহায়তা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
মেধাবৃত্তির জন্য ১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা পূর্বে ছিল ৬৫ লক্ষ টাকা। পরিবহনে ৩ কোটি ৮০ লক্ষ, লাইব্রেরীর জন্য ২৭ লক্ষ (পূর্বে ছিল ৭ লক্ষ) এবং চিকিৎসার জন্য ২৫ লক্ষ (পূর্বে ছিল ১০ লক্ষ) টাকা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা সফর, দান/অনুদান, অনুষ্ঠানাদিতেও বরাদ্দ বাড়ানো হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সেবা সহায়তায় বরাদ্দ ছিল মোট বাজেটের ৩.০৮% (৫ কোটি ১ লক্ষ ৭০ হাজার টাকা)। সেখানে ২০২৪-২৫ অর্থবছরে ৭ কোটি ২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে যা মোট বাজেটের বরাদ্দের ৩.৫০%।
২০০৫ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন” প্রকল্প দ্রুত সম্পন্ন করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দৃষ্টিনন্দন ও আন্তর্জাতিক মানের ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তাঁর নির্দেশনা মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম পিএইচডি উক্ত প্রকল্প বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ১৯২০ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার টাকা, যার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেট ১২২ কোটি ৬১ লক্ষ টাকা এবং ২০২৪-২৫ অর্থ বছরের মূল বাজেট ৩৪৬ কোটি ১২ লক্ষ টাকা অনুমোদন দেয়া হয়েছে।