সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০ ই-রিকশার অভিযোগ মিথ্যা: জামায়াত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩২ সময় দেখুন
মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০ ই-রিকশার অভিযোগ মিথ্যা: জামায়াত


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকার অভিযোগকে ‘আজগুবি, ডাহা মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছে দলটি। এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের দাবি জানিয়েছে জামায়াত।

রোববার (১ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকার এবং সেগুলোর মধ্যে পাঁচটির নিবন্ধন বৈধভাবে নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

এ ধরনের দায়িত্বশীল পদে থেকে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই জাতীয় পর্যায়ের একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়া অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন তিনি।

জুবায়ের বলেন, কিছুদিন আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকও একই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছিলেন। তখন জামায়াতের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ জনসমক্ষে উপস্থাপনের চ্যালেঞ্জ জানানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ দেওয়া হয়নি। প্রতিমন্ত্রীও একই ধরনের বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন।

তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকা তো দূরের কথা, তার নামে একটি রিকশাও নেই।’

রাজনৈতিক প্রতিপক্ষকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তথ্য-প্রমাণহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।

বিবৃতিতে প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, তাদের বক্তব্যের পক্ষে সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ থাকলে তা অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে। অন্যথায় এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে দুঃখ প্রকাশ করতে হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর