কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপুল কম্পিউটিং চাহিদা মেটাতে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। এ জন্য প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের জন্য এ ধরনের অনুমোদন এবারই প্রথম দেওয়া হচ্ছে। তবে পরিকল্পনাটি নিয়ে আপত্তি জানিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যামাজন ও জ্যোতির্বিজ্ঞানীরা।
বুধবার (২৫ নভেম্বর) এ অনুমোদন দেয় এফসিসি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর এক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘স্টারমাইন্ড’ (Starmind) নামের এই প্রকল্পের আওতায় মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তুলতে চায় স্পেসএক্স। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, স্যাটেলাইটগুলো সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে তথ্য প্রক্রিয়াকরণ করবে। পরে প্রক্রিয়াজাত তথ্য পৃথিবীতে পাঠানো হবে।
এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার এক বিবৃতিতে বলেন, এই প্রকল্প যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নেতৃত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় কম্পিউটিং অবকাঠামো তৈরিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এটি মহাকাশ ও উন্নত প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের সক্ষমতাকে একত্র করে দেশটির অর্থনৈতিক নেতৃত্ব আরও শক্তিশালী করতে পারে।
অনুমোদনের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইলন মাস্ক লেখেন, ‘অনেক ধন্যবাদ। এটি যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য কল্যাণকর হয়ে উঠবে।’
এফসিসির অনুমোদন অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে অন্তত একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত মোট স্যাটেলাইটের ১০ শতাংশ এবং ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে ৫০ শতাংশ কক্ষপথে স্থাপন করতে হবে। পুরো বহর স্থাপনের চূড়ান্ত সময়সীমা ২০৪০ সালের নভেম্বর।
স্পেসএক্স জানিয়েছে, ২০২৭ সালেই স্টারমাইন্ড প্রকল্পের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। তবে অনুমোদন পাওয়ার অর্থ এই নয় যে, প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত ১০ লাখ স্যাটেলাইটই উৎক্ষেপণ করবে। প্রকৃতপক্ষে কতগুলো স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে, তা এখনো স্পষ্ট নয়।
কীভাবে কাজ করবে স্টারমাইন্ড
স্পেসএক্সের বর্তমান স্টারলিংক নেটওয়ার্কের মতো স্টারমাইন্ডের স্যাটেলাইটগুলোও পৃথিবীর নিম্ন কক্ষপথে (লো আর্থ অরবিট) অবস্থান করবে। এফসিসির অনুমোদন অনুযায়ী, স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে প্রায় ৫০০ থেকে ১ হাজার ২ কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হবে।
স্যাটেলাইটগুলো নিজেদের মধ্যে লেজার সংযোগের মাধ্যমে তথ্য আদান-প্রদান করবে। পাশাপাশি স্টারলিংক নেটওয়ার্কের সঙ্গেও যোগাযোগ রক্ষা করবে। এর মাধ্যমে মহাকাশে প্রক্রিয়াজাত করা তথ্য পৃথিবীতে পাঠানো হবে।
বর্তমানে স্টারলিংক নেটওয়ার্কে ১০ হাজারের বেশি স্যাটেলাইট রয়েছে। এগুলোর মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে।
স্যাটেলাইট প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক স্যার মার্টিন সুইটিং বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে বলেন, ‘মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের ধারণাটি প্রযুক্তিগতভাবে বাস্তবায়নযোগ্য বলে মনে হলেও বড়ো পরিসরে এটি কতটা কার্যকর হবে, তা এখনো বিশ্লেষণ করা প্রয়োজন।’
তিনি বলেন, ‘স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে বিপুল পরিমাণ তথ্য আদান-প্রদানের জন্য পৃথিবী থেকে স্যাটেলাইটে লেজার সংযোগ স্থাপনের সক্ষমতা প্রয়োজন। তবে এত বিপুল পরিমাণ তথ্য আদান-প্রদানের উপযোগী পর্যায়ে এ প্রযুক্তি এখনো পুরোপুরি উন্নত হয়নি।’
জ্যোতির্বিজ্ঞানীদের উদ্বেগ
স্টারমাইন্ড প্রকল্পের অনুমোদনে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (এএএস)। সংস্থাটির আশঙ্কা, বিপুলসংখ্যক স্যাটেলাইট মহাকাশে পাঠানো হলে রাতের আকাশ পর্যবেক্ষণ ও গবেষণার ক্ষেত্রে বড়ো ধরনের বাধা তৈরি হবে।
সংস্থাটি বলেছে, প্রস্তাবিত স্যাটেলাইটগুলো আকারে বড়ো এবং সংখ্যায় অনেক বেশি হওয়ায় সেগুলো রাতের আকাশে উজ্জ্বল বস্তু হিসেবে দৃশ্যমান হবে। ফলে জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা এবং সাধারণ মানুষের রাতের আকাশ উপভোগ করার সুযোগ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানের অবকাঠামো তৈরিতে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র সরকারের বিনিয়োগও হুমকির মুখে পড়তে পারে।
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যামাজনও এ পরিকল্পনার সমালোচনা করেছে। প্রতিষ্ঠানটির মতে, স্পেসএক্সের এই উচ্চাভিলাষী পরিকল্পনার পক্ষে বাস্তবসম্মত কর্মপরিকল্পনার ঘাটতি রয়েছে।
এ ছাড়া পরিবেশবাদী সংগঠন আর্থজাস্টিসের জ্যেষ্ঠ আইনজীবী জান হাসেলম্যান এক বিবৃতিতে বলেন, ‘মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা ব্যাপকভাবে বাড়ানো হলে এর প্রভাব মানুষের দৈনন্দিন জীবন এবং পৃথিবীর ভবিষ্যতের ওপর সরাসরি পড়বে।
মহাকাশে ডেটা সেন্টার কেন
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের চাহিদাও দ্রুত বাড়ছে। এ চাহিদা মেটাতে পৃথিবীর বিভিন্ন স্থানে নতুন ডেটা সেন্টার তৈরি করা হচ্ছে। তবে এসব কেন্দ্র পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও শীতলীকরণের জন্য প্রচুর পানির প্রয়োজন হয়। এ ছাড়া ডেটা সেন্টার স্থাপনের জন্য উপযুক্ত জায়গা খুঁজে পাওয়াও কঠিন হয়ে উঠছে। অনেক এলাকায় স্থানীয় বাসিন্দারা এসব স্থাপনা নির্মাণের বিরোধিতা করছেন।
স্পেসএক্সের ধারণা, মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করা গেলে সূর্যের আলো থেকে প্রায় অবিরাম শক্তি পাওয়া সম্ভব হবে। এতে পৃথিবীর প্রচলিত ডেটা সেন্টারের তুলনায় পরিচালন ব্যয় ও জ্বালানির ব্যবহার কমানো যেতে পারে। তবে মহাকাশে যন্ত্রপাতি পাঠানোর খরচ এখনো অনেক বেশি। পাশাপাশি স্যাটেলাইটগুলোকে শীতল রাখা, বিদ্যুৎ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও বেশ জটিল।
এ ছাড়া মহাকাশে বর্জ্যের পরিমাণ বাড়ায় স্যাটেলাইটগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা বাড়লে একটির সঙ্গে অন্যটির সংঘর্ষের ঝুঁকি বাড়তে পারে। এমন সংঘর্ষে স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মহাকাশে আরও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের ধারণা নিয়ে শুধু স্পেসএক্স নয়, গুগল ও ব্লু অরিজিন-এর মতো প্রতিষ্ঠানও কাজ করছে। অন্যদিকে, মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা বাড়ানোর কারণে স্টারলিংক নেটওয়ার্কের বিরুদ্ধে মহাকাশে যানজট তৈরির অভিযোগ রয়েছে। তবে ইলন মাস্ক এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, স্টারলিংকের স্যাটেলাইটগুলো মহাকাশে অতিরিক্ত জায়গা দখল করছে না কিংবা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে বাধা সৃষ্টি করছে না।