শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শেখ হাসিনার বিচারসহ ৪ দাবি ইবিতে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১০৬ সময় দেখুন


ইবি করেসপন্ডেন্ট

ইবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) বেলা ১২টার দিকে ডায়না চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার দলের নেতাদের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন। গণঅভ্যুত্থান নস্যাৎ করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন কর্তৃক পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেয়া। প্রশাসন ও বিচার বিভাগে যারা শিক্ষার্থী ও গণমানুষের বিরুদ্ধে হামলা ও মামলাকে বৈধতা দিয়েছে এবং যারা বারবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে তাদের অবিলম্বে অপসারণ ও বিচার করা। প্রশাসন ও বিচার বিভাগে যারা বৈষম্যের শিকার হয়েছেন, তাদের জন্য শিগগির সমান সুযোগ নিশ্চিত করা।

কর্মসূচিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে সুইট বলেন, ‘বিগত ১৬ বছর সরকার ফ্যাসিস্ট সরকার দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। প্রশাসনকে ব্যবহার করে নিরীহ জনগণ ও সাধারণ ছাত্র-জনতার ওপর ন্যক্কারজনক হত্যাকাণ্ড চালিয়েছে। তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিচার বিভাগের উদ্দেশ্য করে বলতে চাই, এই ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের যত দিন না বিচার করা হবে, শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে। অবিলম্বে খুনি হাসিনা ও তার দোসরদের দেশে এনে হাজার হাজার নিরীহ মানুষ ও ছাত্র-জনতার হত্যাকাণ্ডের বিচারে সাজা দিতে হবে।’

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর