স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগে দুই ব্যক্তিকে পৌনে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
বুধবার (১৮ আগস্ট) পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ আদেশ দিয়েছেন।
দণ্ডিত দু’জন হলেন- নগরীর বায়েজিদ বোস্তামি থানার সমবায় আবাসিক প্রকল্পের চার নম্বর সড়কের ৫৯ নম্বর বাড়ির নাসির উদ্দিন (৩৭) এবং একই এলাকায় দি নাগরিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ড্রীমল্যান্ড ভবনের মালিক মাজহারুল ইসলাম।
পাহাড় কাটার অভিযোগ পেয়ে মঙ্গলবার ওই এলাকায় অভিযান চালান পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক (মেট্রো) মিয়া মাহমুদুল হক। তিনি সারাবাংলাকে বলেন, নাসির উদ্দিন বহুতল ভবন নির্মাণের জন্য ৭৩১ বর্গফুট পাহাড় ইতোমধ্যে কেটেছেন। ঘটনাস্থলে আমরা এর প্রমাণ পেয়েছি। মাজহারুল ইসলামসহ কয়েকজন মিলে বহুতল ভবন তৈরি করছেন। কিন্তু উভয়েই এজন্য পরিবেশ অধিদফতরের কোনো ছাড়পত্র নেননি।
নাসির উদ্দিনকে ২ লাখ ৪৬ হাজার ২০০ টাকা ও মাজহারুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে মিয়া মাহমুদুল হক আরও জানিয়েছেন, পরিবেশ ছাড়পত্র এবং তরল বর্জ্য পরিশোধনের ব্যবস্থা ছাড়া কারখানা পরিচালনার দায়ে বায়েজিদ এলাকায় মেসার্স আল্লামা ওয়াশিং প্ল্যান্টকে এক লাখ টাকা, ফেব্রিক কানেকশন নামে একটি পোশাক কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ছাড়পত্র না নেওয়ায় বায়েজিদের মেগা ফার্নিচারের মালিক রফিকুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সারাবাংলা/আরডি/এসএসএ