ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে আরও ৫৫০ জন আক্রান্ত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। ডেঙ্গুতে আক্রান্ত ৫৫০ জনের মধ্যে বরিশাল বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে ১০২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৪ জন, খুলনা বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে আটজন এবং সিলেট বিভাগে তিনজন রোগী শনাক্ত হয়েছে।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৩১ হাজার ৩৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৮০ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৯ হাজার ২১২ জন।