গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কারাগারে ইয়াবা সরবরাহ করতে গিয়ে নয়ন রাজ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবক গাজীপুরের গাছা থানাধীন মৈরান এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানান, গতকাল সোমবার রাতে কাশিমপুর কারাগারের ভিতরে প্রবেশের সময় তাকে সন্দেহ হলে আরপি চেকপোষ্টে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে ১৩০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়মিত থানায় মামলা দায়ের করে।
কোনাবাড়ীর অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত নয়ন রাজের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যে কাশিমপুর কারাগারের বেশ কয়েকজন কারারক্ষী কারাগারের ভেতরে মাদক সরবরাহ করতে গিয়ে মাদকসহ গ্রেপ্তার হয়েছে।






