
আবু হোসাইন সুমন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ::
বাঘ বাঁচাও, সুন্দরবন বাঁচাও শ্লোগানে মোংলায় পালিত হয়েছে বিশ্ব বাঘ দিবস। শুক্রবার এ দিবসটিতে বাঘ ও বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষার দাবীতে র্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে প্রদর্শিত হয় গ্রামীণ ঐতিহ্য লাঠিখেলা। ছিলো সুসজ্জিত বাদকদলের বাদ্যযন্ত্র উৎসবও। র্যালী শেষে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বাঘ দিবসের এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শরীফ জামিল বলেন, সুন্দরবন ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বিগর ১০ বছরে বাঘের সংখ্যা দ্বিগুন হওয়ার কথা থাকলে তা হয়নি। ১০৬ টির জায়গায় বেড়ে হয়েছে ১১৪টি। ১০ বছরে বাঘ বেড়েছে ৮টি। যা হওয়ার কথা ২১৬টি। ৮টি বাড়ার বিষয় হলো নিয়মিত বংশ বৃদ্ধির কারণে হতে পারে। জরিপের ফলাফলেও অভিন্নতা আসতে পারে। বাঘের বংশতো এমনি এমনি বেড়ে যাবেনা, সুন্দরবন যদি ভাল না থাকে তাহলে বাঘ বেড়ে গেছে সেটি বললেও গ্রহণযোগ্য হবেনা। আমরা তো দেখছি সুন্দরবন ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কাজেই বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কি পায়নি সেটি সুন্দরবন দেখলেই তো বুঝা যায়।
আলোচনার শুরুতেই এ অনুষ্ঠানে সুন্দরবনের বাঘ, বন্যপ্রাণী, গাছপালা ও বন নির্ভরশীলদের নিয়ে রচিত গান পরিবেশিত হয়। এর আগে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাঘের চিত্রাংকন প্রতিযোগীতা। বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ বাঘ দিবস পালিত হয়েছে। বিশ্ব বাঘ দিবসের আলোচনা সভা পরিচালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাটের আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।