ঢাকা: ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতায় এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনেও জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ভিপি, জিএস ও এজিএসসহ তারা সর্বাধিক পদে জয়লাভ করেছে। জকসুতে ভিপি পদে জয়লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ ও এজিএস পদে মাসুদ রানা।
দুই দিনব্যাপী ভোট গণনা শেষে বুধবার (৭ জানুয়ারি) রাত ১২ টার দিকে জকসু নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করে। এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে।
জকসু নির্বাচনে মোট ভোটার ছিল ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে ছাত্রী ৮ হাজার ৪৭৯ জন এবং ছাত্র ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ১৮৭ জন। নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ এবং হল সংসদে ৭৭ শতাংশ ভোট পড়েছে।
এদিকে ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
এছাড়া জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট।
এদিকে এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৪ হাজার ৭৫ ভোট।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল অংশ নেয়।