জামালপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে ১ লাখ ২ হাজার ৪৫৯ ভোটের ব্যবধানে জয় পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম। আসনটির মোট ৮৮টি ভোটকেন্দ্রের একটিতেও হারেননি তিনি।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, সরিষাবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৯৯২ জন। আসটিতে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৭৩১ টি। নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ফরিদুল কবীর তালুকদার শামীম ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়ে জয়ী হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল আউয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট। ১ লাখ ২ হাজার ৪৫৯টি ভোটের ব্যবধানে বিএনপির এই প্রার্থী জয়ী হয়েছেন।
সূত্রটি আরও জানায়, ৮৯টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই ফরিদুল কবির তালুকদার বড় ব্যবধানে প্রথম হয়েছেন। কোনো কেন্দ্রেই তিনি হারেননি বা দ্বিতীয়-তৃতীয় হননি। ১৯৯১ এর পর অনুষ্ঠিত কোনো সংসদ নির্বাচনে এ আসনে কোনো প্রার্থী সব ভোটকেন্দ্রে জয়ী হতে পারেননি। সব কেন্দ্র জয় নিশ্চিত করে নির্বাচিত হওয়ার ঘটনা এবারই প্রথম। পাশাপাশি নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় এত বড় ব্যবধানে জয় পাওয়ার ঘটনাও এ আসনে আগে ঘটেনি।
এই আসনে বাকি আরও চারজন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী মো: আলী আকবর পেয়েছেন ১৩০২ ভোট, গণঅধিকার পরিষদ (জিওপি) ট্রাক প্রতীকের প্রার্থী মো: ইকবাল হোসেন পেয়েছেন ৩৮৩ ভোট, নাগরিক ঐক্যের কেটলি প্রতীকের প্রার্থী মো: কবির হাসান পেয়েছেন ৩৭৯ ভোট ও বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী মো: মাহবুব জামান জুয়েল পেয়েছেন ১৩১৪ ভোট।
বিএনপির বিজয়ী এই প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম জানান, এত ভোট দিয়ে নির্বাচিত করায় স্থানীয় ভোটার ও এলাকাবাসীর কাছে তিনি কৃতজ্ঞ। এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন তিনি। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কথাও বলেন তিনি।