দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদ
কুষ্টিয়া দৌলতপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় কুষ্টিয়ার দৌলতপুর বাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস।
বৃহস্পতিবারে (১৯ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে দৌলতপুর,,, বাজারের বিভিন্ন মুদি, চাল-ডাল, সবজি ও মাংসের দোকান পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি, ওজন পরিমাপে সঠিকতা নিশ্চিতকরণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ বা বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
মনিটরিং চলাকালে কয়েকটি দোকানে মূল্যতালিকা প্রদর্শনে অনিয়ম লক্ষ্য করা গেলে তাৎক্ষণিকভাবে সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে পণ্য বিক্রির কোনো সুযোগ নেই। ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসন নিয়মিত তদারকি করবে এবং জনস্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে। এ সময় স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।