আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় গাঁজাসহ দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
বুধবার (২৪ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেকগাছি গ্রামে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৮শ’ ৩৪ গ্রাম গাঁজা উদ্ধারের পর ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া।
সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিম পাড়ার আফসার উদ্দিনের স্ত্রী মর্জিনা খাতুন (৫৭) ও একই এলাকার মৃত নুর হোসেন মন্ডলের ছেলে মোশারফ হোসেন (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বুধবার সকাল ১০ টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে বেলগাছি মুসলিম পাড়ায় অভিযান চালায়। এসময় মর্জিনা খাতুনের বাড়ি থেকে ৮শ’ ২০ গ্রাম গাঁজাসহ এবং মোশারফ হোসেনের বাড়ি থেকে ১৪ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মর্জিনা খাতুনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪শ’ টাকা জরিমানা করেন।
একইসাথে মোশারফ হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।






