কুতুবদিয়া চ্যানেলের লেমশীখালী এলাকায় এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকাল ৩টার দিকে জহিরুল ইসলাম (৬০) নামের ওই জেলে সৈকতে ভাসমান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী শামসুল আলম জানান, নিজের মালিকানা একটি ছোট ফিশিং বোট কুতুবদিয়া চ্যানেলের লেমশীখালী এলাকায় উপকূলে নোঙর করা ছিল। তিনি শনিবার বিকাল ৩টার দিকে বোটের কাছে গেলে বৃদ্ধের মরদেহ চোখে পড়ে।
বিষয়টি স্থানীয়দের জানালে উৎসুক জনতা জড়ো হয় সেখানে। নিহত জহিরুল ইসলাম তেলিয়াকাটা গ্রামের জনৈক আনোয়ার মাঝির সাথে ফিশিং বোটে কাজ করতেন।মৃতের পুত্র একটি ঔষধ কোম্পানীর স্থানীয় প্রতিনিধি মিজানুর রহমান জানান, তার পিতা গতকাল শুক্রবার রাতে ফিশিং বোটে যান। শনিবার বিকালে একটি লাশ ভেসে আসার খবর পেয়ে ছুটে গিয়ে দেখে তার পিতার মরদেহ। বোট দূর্ঘটনা বা কি ঘটেছে তাৎক্ষণিক তিনি কিছু জানাতে পারেননি।থানার ওসি মো. আরমান হোসেন বলেন,কুতুবদিয়া চ্যানেলে মরদেহ ভেসে আসার খবর পেয়ে সেখানে গিয়ে জেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।নিহত জহিরুল ইসলাম উত্তর ধুরুং তেলিয়াকাটা গ্রামের আবদুল কাদেরে পুত্র।