শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

কর্ণফুলীতে উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ সময় দেখুন
কর্ণফুলীতে উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে নবগঠিত ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে কর্ণফুলী উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় শিকলবাহা ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শিকলবাহা মৎস্যজীবী জেলে সমিতির সহ-সভাপতি আবু তাহের মুন্নার সঞ্চালনায় এবং কর্ণফুলী উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মোহাম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কফিল উদ্দিন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব আলম বলেন, “কর্ণফুলী নদী ও এর শাখা খালগুলো আমাদের জীবিকার একমাত্র ভরসা। কিন্তু বিভিন্ন শিল্পকারখানার দূষিত বর্জ্য, ডেইরি ফার্মের ময়লা ও পলিথিনের কারণে নদী ও খালের পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে মাছের স্বাভাবিক প্রজনন ও আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং দিন দিন মাছের পরিমাণ কমে যাচ্ছে।”

সভাপতির বক্তব্যে মোহাম্মদ শফি বলেন, “এই সমিতি গঠনের মূল উদ্দেশ্য হলো সবাইকে ঐক্যবদ্ধ করা। কোনো জেলে ভাই নদী বা খালে মাছ ধরতে গিয়ে সমস্যায় পড়লে সমিতির পক্ষ থেকে তাকে ও তার পরিবারকে সহযোগিতা করা হবে। ইতোমধ্যে আমাদের অনেক দাবি বাস্তবায়িত হয়েছে, অবশিষ্ট দাবিগুলো আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি আবদুল মান্নান এবং সাধারণ সম্পাদক আবদুস ছবুর।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, “আপনারা এখন একটি সুসংগঠিত সংগঠনের আওতায় কাজ করছেন। তাই সরকারি নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং মাছ ধরার নিষিদ্ধ সময় কঠোরভাবে পালন করতে হবে। একই সঙ্গে নদী ও খালের পানি দূষণ রোধে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আপনারা ঐক্যবদ্ধ থাকলে ন্যায্য দাবিগুলো আদায় করা সহজ হবে।”

এ সময় কর্ণফুলী উপজেলার পাঁচটি ইউনিয়নের মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর