রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক রক্তসৈনিকের বন্ধন।’ রক্তদানকে উৎসাহিত করতে এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন। আর এজন্য প্রয়োজন রক্তের সঠিক গ্রুপ নির্ণয়।
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়ন শাখার পাঁচ বছর পুর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে । রবিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি কম্বল বিতরণ, মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী বিতরণ, সেরা রক্তদাতাদের মাঝে টি-শার্ট বিতরণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা সহ ৫টি কর্মসূচি পালন করা হয়।
রক্তসৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি এস এম জাকির হোসেন এর সভাপতিত্বে ও সহ সভাপতি এস আই শহীদ এর সঞ্চালনায় ছাত্র ছাত্রীদের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তসৈনিক শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, রক্তসৈনিক ঝিনাইগাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু তাহের মেজবাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন রক্তসৈনিক শ্রীবরদী আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ শাখার সমন্বয়ক সানজিদা আক্তার বর্ষা, প্রচার সম্পাদক মেহেদী হাসান ও নারী বিষয়ক সম্পাদক রুসনী আক্তার সহ কুড়িকাহনীয়া ইউনিয়ন শাখার দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।
এসময় রক্তসৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি এস এম জাকির হোসেন বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার কাজটি রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার ৫ বছর পূর্তি উপলক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। আমরা বিনামূল্যে রক্ত দিয়ে মানবসেবায় নিয়োজিত আছি। আমাদের সংগঠনটি স্বেচ্ছায় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’