ইউএইতে একাডেমিক নৈতিকতাবিষয়ক গবেষণায় জিনাত খানকে অগ্রগামী হিসেবে বিবেচনা করা হয়। ২০১৪ সালে এই বিষয়ের ওপর তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। গবেষক ও শিক্ষক হিসেবে তাঁর বেশ বর্ণাঢ্য পেশাজীবন। মধ্যপ্রাচ্যে তিনি প্রায় ২০ বছর ধরে শিক্ষকতা করছেন। এ ছাড়া তিনি ২০০৫ সাল থেকে একাডেমিক নৈতিকতাবিষয়ক গবেষণা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ের ওপর জিনাতের প্রায় ৮০টি গবেষণাপত্র রয়েছে, যা বিভিন্ন আন্তর্জাতিক সাময়িকী ও বইয়ে প্রকাশিত হয়েছে। ইউএইতে একাডেমিক নৈতিকতাবিষয়ক গবেষণায় অগ্রগামী প্রতিষ্ঠান সেন্টার ফর একাডেমিক ইন্টেগ্রিটি ইন দ্য ইউএইর প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
হার্ভার্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটিসহ বিশ্বের বিভিন্ন নামীদামি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নৈতিকতা বিষয়ে সেমিনার, সম্মেলন ও কর্মশালা পরিচালনা করেছেন জিনাত। এ ছাড়াও দ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার সম্পাদনা পর্ষদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জিনাত খানের। ২০১৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজ উদ্যোগে ‘শিক্ষাক্ষেত্রে সততা ও নৈতিকতা’বিষয়ক একটি সিম্পোজিয়ামের আয়োজন করেন তিনি।