আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: আফগানিস্তানে নারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বাধা দেওয়া ইসলামসম্মত সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেতে হলে পাকিস্তানের শর্ত পূরণ করতে হবে।
ইমরান খান আফগানিস্তানের নেতৃত্বকে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং মানবাধিকারকে সম্মান জানানোর আহ্বান জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানকে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে ব্যবহার হতে দেওয়া যাবে না। এতে পাকিস্তানও নিরাপত্তা হুমকিতে পড়বে।
গত ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তান দখল নেওয়ার পর বন্ধ হয়ে যায় সেদেশের শিক্ষাপ্রতিষ্ঠান। গত সপ্তাহে তালেবান মাধ্যমিক স্কুল খুলে দিলেও মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেয়নি। এর আগে বিশ্ববিদ্যালয় খুলে দিলেও নারীদের জন্য নানা বিধিনিষেধ জারি করে। তালেবানের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ইমরান খান বলেন, ক্ষমতায় আসার পর তালেবানের বিবৃতিগুলো আশাব্যঞ্জক। আমি মনে করি তারা মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে। নারীদের শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত রাখা অনৈসলামিক। এ সিদ্ধান্তের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।
তালেবানরা আফগানিস্তান দখল করার পর নারী অধিকার নিশ্চিতের কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সরকার গঠনের পর নারী অধিকার রক্ষার প্রতিশ্রুতি থেকে ক্রমে সরে যাচ্ছে উগ্রবাদী গোষ্ঠীটি।
সারাবাংলা/আইই