কর্ণফুলী (চট্টগ্রাম), ১৭ নভেম্বর ২০২৬:
উপজেলা প্রশাসন, কর্ণফুলী, চট্টগ্রামের আয়োজনে এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের কৌশলগত অংশীদারত্বে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড। উৎসবের চূড়ান্ত পর্বে ক্ষুরধার যুক্তি ও বাগ্মিতার নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ।
আজ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: রিদুয়ানুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, “যুক্তিবোধ ও মুক্তবুদ্ধির চর্চা তরুণ প্রজন্মকে গুজব, অপতথ্য এবং অন্ধ অনুকরণের সংস্কৃতি থেকে দূরে রাখে। আজকের এই বিতর্ক উৎসবে কর্ণফুলীর শিক্ষার্থীরা যে মেধা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছে, তা আমাদের একটি আলোকিত ও মেধাভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখায়।” তিনি উপজেলা পর্যায়ে এ ধরনের সৃজনশীল উদ্যোগ গ্রহণের জন্য কর্ণফুলী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: রিদুয়ানুল ইসলাম বলেন, “উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা একটি সফল উৎসব সম্পন্ন করতে পেরেছি। এই মঞ্চ থেকে তৈরি হওয়া বিতার্কিকেরা আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ে কর্ণফুলী উপজেলার মুখ উজ্জ্বল করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান ও অত্র বিতর্ক উৎসবের মডারেটর জনাব সাইফুদ্দীন মুন্না, সাবেক বিতার্কিক এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব ইয়াসির সিলমীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সালমা আকতার এবং প্রতিদ্বন্দ্বী দুই বিদ্যালয়ের (দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ) সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সাবলীলভাবে সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারীন সুবাহ।
উল্লেখ্য, ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এর আগে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী ও প্রতিনিধি শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী একটি বিশেষ প্রস্তুতিমূলক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৪টি বিদ্যালয়ের বিতর্ক দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত নকআউট ও বাছাইপর্ব পেরিয়ে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ চূড়ান্ত পর্বে উন্নীত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ফাইনাল রাউন্ডে দুই দলের বিতার্কিকদের যুক্তি-তর্ক উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্ণফুলী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের প্রতিনিধিবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।