শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতীত দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব নয়: মুজিবুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৮ সময় দেখুন
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতীত দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব নয়: মুজিবুর


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতীত দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। বিগত সময়ে যেসব দল সরকার গঠন করেছে তারা নিজস্ব মতবাদ ও তন্ত্রে রাষ্ট্র পরিচালনা করেছে। এসব মতবাদে জাতি উপকৃত হয়নি; বরং উপকৃত হয়েছে তারা নিজেরাই।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও উত্তর থানা (৩ নম্বর ওয়ার্ড) উদ্যোগে ‘দুর্নীতিমুক্ত সমাজ গঠন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাকাল থেকেই আল্লাহর আইন কায়েমের মাধ্যমে রাষ্ট্রীয় বৈষম্য দূর করে একটি কল্যাণ, ন্যায় ও মানবিক বাংলাদেশ গড়তে আন্দোলন-সংগ্রাম করে আসছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ সংগ্রাম অব্যাহত থাকবে। ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহর প্রদত্ত বিধানে— যে বিধানে কোনো দল বা গোষ্ঠীর এককভাবে উপকৃত হওয়ার সুযোগ নেই।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কবির আহমেদ। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে অনেক সরকার ক্ষমতায় এসেছে— কেউ ৬ দফা, কেউ ১৮ দফা, কেউ ৩১ দফার স্বপ্ন দেখিয়েছে; কিন্তু বাস্তবে তারা দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি আর সন্ত্রাস ছাড়া কিছুই দেয়নি। মানুষের তৈরি মতবাদে জনগণ কখনো উপকৃত হয়নি, বরং ক্ষতিগ্রস্তই হয়েছে।

ঢাকা-৯ আসনকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, একটি নিরাপদ, বাসযোগ্য ও মানবিক শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার। এজন্য তিনি স্থানীয়দের জামায়াতের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।

খিলগাঁও উত্তর থানা আমীর মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং থানা বায়তুলমাল সম্পাদক মো. হুমায়ুন কবিরের পরিচালনায় রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার একটি মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা-৯ আসন পরিচালক মো. ফরিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য এস.এম. মাহমুদ হাসান, আশরাফুল আলম ইমন, মাওলানা মাহমুদুর রহমান, মো. জুলফিকার আলী এবং ৩ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মো. শহিদুল ইসলাম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর