কক্সবাজার সদর উপজেলায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপদ খাদ্য সামগ্রী নিশ্চিত করতে ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২২ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব নীলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) জনাব শারমিন সুলতানা, র্যাব-১৫, আনসার ব্যাটেলিয়ন এবং বিএসটিআই টিম কক্সবাজারের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
১. মুনতাইজ আইসক্রিম কারখানা: শহরের লারপাড়া এলাকায় অবস্থিত এই কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর রং এবং স্যাকারিন দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল আইসক্রিম তৈরির অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর আওতায় ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।
২. নাজিম আচার কারখানা: একই এলাকার আরেকটি আচার কারখানায় লাইসেন্সবিহীনভাবে আচার উৎপাদন এবং নকল বিএসটিআই নম্বর ব্যবহার করে বাজারজাত করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর আওতায় ১০,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
৩. বদর মোকাম এলাকার সুপার শপ: অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপী তৈরির পাশাপাশি ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ব্যতীত নিজস্ব মোড়কে পণ্য বাজারজাতকরণের দায়ে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। জেলা প্রশাসন জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে এমন অভিযান অব্যাহত থাকবে।