কর্ণফুলী ( চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার ( ৬ মার্চ) মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রামের নির্দেশনা অনুযায়ী বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে কর্ণফুলী উপজেলার ফাজিলখার হাট এলাকায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।
অভিযান পরিচালনাকালে খোলা বিভিন্ন মুদি দোকান, দৈনন্দিন কাঁচা বাজারের দোকান, ফলের দোকান, মুরগীর ডিম মাংসের দোকানে মূল্য তালিকা না থাকার এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, ডিলিং লাইসেন্স ব্যতীত শিশুখাদ্য বিক্রি এবং ধূমপান ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন রাখার অভিযোগে ৪টি মামলায় ১৭০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রয়ের বিশেষ নজরদারি এবং মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনাকালে কর্ণফুলী থানার একটি টিম সহায়তা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।