মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের লৌহজং সহ দেশের প্রায় প্রতিটি নদ-নদী হারাচ্ছে নাব্যতা। জলবায়ু, মৎস্য ও কৃষির ওপর পড়ছে বিরুপ প্রভাব। নদী মাতৃক বাংলাদেশে জালের মতো ছড়িয়ে আছে ছোট-বড় নদ-নদী। দেশে নদীর সংখ্যা প্রায় ২৩০টি। তবে নদী গবেষক অশোক বিশ্বাস নদীকোষ শীর্ষক গ্রন্থে ৭শ’র অধিক ছোটবড় নদীর কথা বলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এর তথ্য মতে দেশে নদীর সংখ্যা রয়েছে ৪০৫টি। উইকিপিডিয়াতে তথ্য মতে দেখা যাচ্ছে দেশে নদীর সংখ্যা ৩১০টি। যা দেশের ২৪হাজার ১শ’ ৪০ কিলোমিটার জায়গা দখল করে আছে। নদীর অবদানে এদেশ হয়েছে কৃষি ও মৎস্যে সমৃদ্ধ। দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদ নদী আজ হুমকির মুখে। হারাতে বসেছে নদীগুলোর নাব্যতা। বিরুপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর। হুমকির মুখে জলবায়ু, মৎস ও কৃষি। খরস্রোতা নদীতে এখন ধু-ধু বালুচর। বিভিন্ন জায়গায় নদী রুপান্তরিত হয়েছে আবাদি জমিতে। জীববৈচিত্র হুমকির মুখে। সারাদেশের মতো টাঙ্গাইলের উপর দিয়েও বয়ে গেছে যমুনা-ধলেশ্বরী, লৌহজং’সহ বেশ কয়েকটি ছোট-বড় নদী। যমুনা নদী ভূঞাপুর, নাগরপুর, কালিহাতীর বুকে জায়গা পেয়েছে। খরস্রোতা যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদী কালীহাতি, নাগরপুর ও দেলদুয়ারের উপর দিয়ে বইছে। ধলেশ্বরীর উপনদী এ্যালেংজানী দেলদুয়ারে বইছে। এ্যালেংজানীর শাখা নদী লৌহজং ও বংশাই দেলদুয়ার, মির্জাপুরে এবং বংশাই, লাঙ্গলিয়া, ঝিনাই ও মরাগাঙ্গি নদী বাসাইলের উপর বইছে। বংশাইয়ের কিছু অংশ প্রবাহিত হচ্ছে ঘাটাইল উপজেলার উপর দিয়ে। অবৈধভাবে বালু উত্তোলন ও ভেকু দিয়ে অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে নদীর গতি পথ পরিবর্তন হচ্ছে। অতি মাত্রায় নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে। একসময়ের প্রমত্তা ধলেশ্বরী, লৌহজং ও এ্যালেংজানী ও বংশাই নদী এখন মরা খালে পরিণত হযেছে। নদীর নাব্যতা হারানোয় ক্রমশ ধু-ধু বালুচরে পরিণত হচ্ছে। কোথাও কোথাও চাষাবাদ হচ্ছে। অথচ এক সময় নদীগুলো দিয়ে চলাচল করতো বড় বড় নৌযান। সম্প্রতি যমুনায় পানি প্রবাহ কমে যাওয়ায় এ শাখা নদীগুলোতে এর প্রভাব পড়েছে। লৌহজং, এ্যালেংজানী ও বংশাই নদীর মুল স্রোতধারা মূখে টাঙ্গাইলের যুগনীতে স্লুইসগেট তৈরি করায় নদী তিনটি প্রায় বিলীনের পথে। পূণরায় খাল খনন কর্মসূচীই নদীগুলো ফিরিয়ে দিতে পারে পূর্বের অবস্থায় এরকম ধারনা পরিবেশ বিশ্লেষকদের। দেশের নদীগুলো রক্ষার্থে নদী খনন কর্মসূচী গ্রহণে কথা থাকলেও বাস্তবায়নের দৃশ্য চোখে পড়ার মতো না। বিশ্লেষকদের ধারণা, নদীর বুক ও পাড়ের জমি দখল, চাষাবাদ, স্থাপনা নির্মাণ, পাড় কাটা, পাথর ও বালু আহরণ, বাঁক কেটে গতিপথ পরিবর্তন, সেচ খাল তৈরি, পানি সরিয়ে নেয়া, কৃষি ও বন্যা নিয়ন্ত্রণের নামে বোল্ডার নির্মাণ, বিরতিহীন পাড় বাঁধাই, ঢাকা ও হবিগঞ্জের মতো শহর বা জনপদ, বিরতিহীন বাঁধ নির্মাণ, নদীর উপর বাঁধ-সেতু-জলবিদ্যুৎ প্রকল্প জলাধার বাণিজ্যিক স্থাপনা নির্মাণ, নদীর পানিতে বোল্ডার ও পাথর নিক্ষেপ, গাছ-গাছালির ফাঁদ স্থাপন, পানিতে অতিরিক্ত কচুরিপানা, উন্নয়নের নামে পাড়ের গাছ কাটা, নদী পাড়ে নৌযান ভাঙ্গা ও নির্মাণ সামগ্রীর স্তুপ, নদীর পানিতে শহুরে ও গ্রামীণ শিল্প বর্জ্য, রাসায়নিক সার-কীটনাশক নিক্ষেপ ও মিশ্রণ ইত্যাদি। পরিবেশ আন্দোলনের গবেষণা থেকে জানা যায়, সারাদেশের প্রায় দেড় হাজার ছোট নদীর মধ্যে অধিকাংশই শুকিয়ে বিলুপ্তির সীমানায় পৌঁছে গেছে। বর্তমানে কোনোভাবে বেঁচে আছে প্রায় ২৩০টি নদী। এর মধ্যে ৫৪টি ভারত ও ৩টি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
ঢকা- টাঙ্গাইল -উত্তরবঙ্গ মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর কিছু দক্ষিণে যমুনার চরে দেখা যায়, অস্থায়ী বসতবাড়ি নির্মান করেছে স্থানীয়রা। এসব ঘর বাড়িতে থেকে স্থানীরা নদীর বুকে চাষাবাদ করে। এভাবে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে দেশের মানচিত্রে। বদলে যাচ্ছে দৃশ্যপট। এরই মধ্যেই এসব নদীর সাথে বন্ধ হয়ে গেছে মূল নদীর সংযোগ। অল্প কিছুদিন আগেও যেখানে খরস্রোতা নদী ছিল সেটাও এখন বোঝার উপায় নেই। অনেক নদীই এখন কৃষি জমিতে পানি নেয়ার নালার মতো দেখতে। নদী ভাঙনের কবলে পড়ে নদীপাড়ের অনেকেই আজ বাড়ি হারা, জমি হারা। তবুও নদীর মতো মাতৃস্নেহে আগলে থাকতে চায় এ অঞ্চলে সাধারণ মানুষেরা। বিশ্লেষকদের ধারণা, নদী বিলীন হলে পরিবেশ ও জলবায়ুর বিপর্যয় ঘটবে। তাই পরিবেশ ও জলবায়ুর পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষা করতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি একান্ত প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা।
টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. আহসানুল বাসার বলেন, নদীর নাব্যতা হারিয়ে যাওয়ায় একটু বৃষ্টি হলেই অনাকাঙ্খিত বন্যার সৃষ্টি হয়। ফলে অনেক ধরণের ফসল বিনষ্ট হয়। এছাড়া পর্যাপ্ত পলি ছড়িয়ে না পড়ায় ক্রমশ কৃষি জমি অনুর্বর হচ্ছে। কৃষিকে বাঁচাতে নদীর গভীরতা বাড়াতে হবে। এজন্য প্রতিটি নদী খনন করে নদীর গভীরতা বাড়ানো জরুরী।
এদিকে নদীতে সারাবছর পানি না থাকায় হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ। টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, নদীর নাব্যতা হারানোর ফলে সব ধরণের মাছরে ঘাটতি পড়ছে। বিশেষ করে দেশীয় মাছের। নদীর নাব্যতা হারানো চলমান থাকলে মাছের পোনা বড় হতে না পেড়ে অধিকাংশ মাছ বিলপ্ত হবে। তবে যমুনা ধলেশ্বরীসহ বড় নদীগুলোতে বর্ষায় পর্যাপ্ত পানি হয়। ওই সময় পানিতে পানিতে মাছের ডিম বা পোনা আসে। তখন কারেন্ট জাল, ঘুনি ও চায়না জাল বন্ধ রাখতে পারলে অধিকাংশ মাছের প্রজাতি বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যাবে।
২০১৬ সালে টাঙ্গাইলের তৎকালীন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন লৌহজং নদীর
৭৬ কিলোমিটার দৈর্ঘ্যের ৩ কিলোমিটার অবৈধ দখল চিহ্নিত করে দখল মুক্ত করতে উদ্যোগ নেন। পদোন্নতি ও বদলি জনিত কারণে চলে যান তিনি। এরপর আবার বেদখল হয়ে যায় নদীর দু-পাড়। ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি মাসে টাঙ্গাইলের জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে পূণরায় উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিদর্শণ করেন অতিরিক্ত সচিব ও আশ্রয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব হোসেন। উচ্ছেদ অভিযানের পর আবারও নদীর দুপাড় পূণঃবেদখলের পথে। নদীগুলো পূণঃরুদ্ধার ও খনন জরুরীবলে মনে করছেন স্থানীয়রা।
টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম নদ-নদীর নাব্যতা হারানোর কথা স্বীকার করে বলেন, ইতোমধ্যে প্রথম ধাপের খাল খনন শেষ হয়েছে। টাঙ্গাইল জেলার গোপালপুর-ধনবাড়ী , মধুপুরের বৈরান নদী, নাগরপুরে নোয়াই নদী, মির্জাপুরে বহুড়া খাল, করটিয়ার সুন্দরী খাল ও ঘাটাইলে টোপ নদীসহ বেশ কয়টি নদী ও খাল খনন করা হয়েছে। তবে শীঘ্রই প্রতিটি জেলায় ৫টি করে নদীর অংশ বা খাল খননের প্রকল্প আসবে। এসব নদী খনন হলে জীব বৈচিত্রের পরিবর্তন আসবে। কৃষি, মৎস্য ও জলবায়ুর ওপর ইতিবাচক প্রভাব পড়বে।